
স্টাফ রিপোর্টার: মোঃ ইখলাছুর রহমান : ঢাকার আশুলিয়ায় দুই মাসের বকেয়া মজুরি পরিশোধের দাবিতে ফারজানা অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন।
রোববার (২৫ অক্টোবর) কারখানার সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় তাঁরা দ্রুত বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান।
বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন হাওলাদারসহ শ্রমিক নেতারা এ সময় বক্তব্য দেন। তাঁরা বলেন, আগামীকালের মধ্যে বকেয়া মজুরি পরিশোধের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাসভবন ঘেরাও করার কর্মসূচি দেওয়া হবে।
শ্রমিকদের দাবি, দুই মাসের মজুরি বকেয়া থাকায় তাঁরা আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত পাওনা পরিশোধ করে তাঁদের ভোগান্তির অবসান ঘটানোর আহ্বান জানান তাঁরা।
এ বিষয়ে ফারজানা অ্যাপারেলস লিমিটেডের কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।