
নিজস্ব প্রতিনিধিঃ আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান মনোনীত হওয়ায় ভোলার লালমোহনে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সম্মান নয়, বরং এ অর্জন বাংলাদেশের এবং ভোলার, লালমোহন তজুমদ্দিনের মর্যাদা বৃদ্ধি করেছে। এ সময় তিনি চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করা এবং ত্রাণ বিতরণে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
সংবর্ধনা শেষে ১৫০জন বাস্তুহারা ও হতদরিদ্রের মাঝে নগদ অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।