
মোঃ ইখলাছুর রহমানঃ ঢাকার আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে অশালীন ভাষায় গালিগালাজ, চড়-থাপ্পড় মারধর, প্রাণনাশের হুমকি ও পরিবারের সম্মানহানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাসিমা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক খোকন হাওলাদার সংবাদ সংগ্রহ ও প্রকাশের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকির শিকার হয়েছেন বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, নাসিমা আক্তার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট অভিযোগ এবং অন্যান্য তথ্য নিয়ে সংবাদ সংগ্রহের চেষ্টা করায় তাঁকে হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে আশুলিয়া থানাসংলগ্ন বাচ্চু মার্কেট এলাকায় নাসিমা আক্তার তাঁকে পেয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে চড়-থাপ্পড় মারেন এবং মারধরের জন্য তেড়ে আসেন বলে অভিযোগ করেন ওই সাংবাদিক। এ সময় তাঁর ও পরিবারের সম্মানহানি করার হুমকিও দেওয়া হয়েছে বলে লিখিত আবেদনে উল্লেখ করা হয়।
খোকন হাওলাদারের দাবি, এর আগেও তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। এসব ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত আবেদন করেছেন সাংবাদিক খোকন হাওলাদার।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নাসিমা আক্তারের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।